পবিত্র অর্থডক্স ইস্টার উপলক্ষে ইউক্রেন যুদ্ধে ৩২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই আহ্বানে সাড়া দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও জানিয়েছেন যে তাঁর দেশ এই সিদ্ধান্ত মেনে চলবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শুক্রবার (১০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
ক্রেমলিনের বিবৃতি অনুযায়ী, শনিবার (১১ এপ্রিল) মস্কো সময় বিকেল ৪টা থেকে যুদ্ধবিরতি শুরু হয়ে রোববার মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলৌসভ ইতিমধ্যেই সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভকে সামরিক অভিযান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, “ইউক্রেন আগেই এমন প্রস্তাব দিয়েছিল। মানুষের জন্য একটি হুমকিমুক্ত ইস্টার প্রয়োজন এবং এটি শান্তির দিকে একটি বাস্তব পদক্ষেপ হতে পারে।” তবে তিনি সতর্ক করে বলেন, রাশিয়ার উচিত হবে ইস্টারের পরও হামলায় ফিরে না আসা।
যুদ্ধবিরতির এই আবহের মধ্যেই দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর অভিযোগ করেছেন, রুশ হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। রাশিয়া প্রায় ৩০ বার ড্রোন ও গোলাবর্ষণ করেছে বলে দাবি তাঁর। গত বছরও এমন যুদ্ধবিরতির ঘোষণা এসেছিল, তবে শেষ পর্যন্ত তা লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগে ভেস্তে যায়।
