উত্তর আরব সাগরে বড় ধরনের বিপদ থেকে বাংলাদেশি নাবিকসহ ১৮ জন নাবিককে উদ্ধার করেছে পাকিস্তানের নৌবাহিনী। শুক্রবার (১০ এপ্রিল) পাকিস্তানের সেনাবাহিনী এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, ‘গোল্ড অটাম’ (Gold Autumn) নামের একটি পণ্যবাহী জাহাজ থেকে জরুরি বিপদ সংকেত (S.O.S) পাঠানো হলে পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সি দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টারের মাধ্যমে ‘পিএনএস হুনাইন’ (PNS Hunain) নামক যুদ্ধজাহাজটিকে উদ্ধারকাজে পাঠানো হয়।
তীব্র বৈরি আবহাওয়ার মধ্যেই উদ্ধারকারী দলটি জাহাজে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে এবং জাহাজটিকে স্থিতিশীল করতে সক্ষম হয়। এরপর জাহাজে থাকা বাংলাদেশ, চীন, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার মোট ১৮ জন নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
উদ্ধারকৃত নাবিকদের উদ্ধারকারী জাহাজে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। এরপর তাদের করাচি বন্দরে নিয়ে আসা হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, উদ্ধার হওয়া নাবিকদের নিজ নিজ দূতাবাসের মাধ্যমে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
