দীর্ঘ উত্তেজনার পর অবশেষে পাকিস্তানের মধ্যস্থতায় আজ শনিবার (১১ এপ্রিল) শান্তি আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল। সম্ভাব্য এই উচ্চপর্যায়ের বৈঠককে কেন্দ্র করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।
বৈঠকের মূল এজেন্ডা সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি জানিয়েছেন, তেহরানের প্রস্তাবিত ‘১০ দফা পরিকল্পনা’ই হবে এই আলোচনার মূল ভিত্তি। ইরান তাদের জব্দকৃত সম্পদ ফেরত এবং লেবাননে যুদ্ধবিরতির মতো বিষয়গুলোকে এই পরিকল্পনায় গুরুত্ব দিচ্ছে।
এদিকে সংঘাতের আবহের মধ্যেই কিছুটা নমনীয় বার্তা দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ খাতিবজাদেহ। তিনি জানিয়েছেন, মার্কিন জাহাজগুলো যতক্ষণ ‘শত্রুতামূলক আচরণ’ করবে না, ততক্ষণ তারা নির্বিঘ্নে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি এবং ইরানের ‘ট্রিগারে আঙুল’ বার্তার পর আজকের এই বৈঠক মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর শেষ সুযোগ হতে পারে।
