ইরানকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম) সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে শনিবার (১১ এপ্রিল) এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিং আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর পরিকল্পনা করছে। গোয়েন্দা মূল্যায়ন অনুযায়ী, অস্ত্রের এই চালানগুলো সরাসরি না পাঠিয়ে তৃতীয় কোনো দেশের মাধ্যমে পাঠানোর চেষ্টা করা হচ্ছে, যাতে চালানের মূল উৎস গোপন রাখা যায়।
মার্কিন এই অভিযোগকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে চীন। ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, কোনো যুদ্ধেই চীন কখনো কোনো পক্ষকে অস্ত্র সরবরাহ করেনি। সিএনএন-এর এই প্রতিবেদনকে তারা উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছে।
ইসলামাবাদে মার্কিন-ইরান শান্তি আলোচনার ঠিক মাঝপথে চীনের এই কথিত অস্ত্র সরবরাহের খবর ওয়াশিংটনের জন্য নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই তথ্য শান্তি আলোচনার টেবিলে নতুন সমীকরণ তৈরি করতে পারে।
