দেশে হামের প্রাদুর্ভাব মহামারি আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জন সরাসরি হামে এবং বাকি ৫ জন হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে। সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে ৩০ শিশুর মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। তবে একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১৫৬ শিশু। সব মিলিয়ে গত এক মাসে ১৮৬ জন শিশু এই মরণব্যাধির শিকার হলো।
অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৭ হাজার ২৪ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। তাদের মধ্যে ১০ হাজার ৯৫৪ জনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। ল্যাব পরীক্ষায় এ পর্যন্ত ২ হাজার ৭২১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বর্তমানে ৮ হাজার ৩৬৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
১২ এপ্রিল সকাল ৮টা থেকে আজ ১৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সারা দেশে নতুন করে ১ হাজার ৩৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এই সময়ে ৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছে ৭২৯ জন শিশু।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি যেকোনো উপসর্গে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন।
