বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছোট ছেলে ও শিক্ষাবিদ ড. মোহাম্মদ নাদিমুর রহমান আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন। মঙ্গলবার (৫ মে) রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই যোগদানের ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে ড. নাদিমুর রহমানের পাশাপাশি ফরায়েজী আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহর বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন এবং মুক্তিযোদ্ধা অধ্যাপক এমএইচ আরিফ দলটিতে যোগ দেন। এছাড়া জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত ‘ওয়ারিয়র্স অব জুলাই’-এর শীর্ষ নেতারাও এনসিপিতে শামিল হয়েছেন। অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ, মুখ্য সংগঠক সারজিস আলম এবং সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।
আসিফ মাহমুদ অভিযোগ করেন, বিএনপির বর্তমান রাজনীতি নিয়ে খোদ দলটির ভেতরেই অসন্তোষ বাড়ছে। তিনি বলেন, “বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সন্তানরাও আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। ভবিষ্যতে তাঁদের অনেককেই এনসিপিতে দেখা যেতে পারে।” স্থানীয় সরকার নির্বাচন না দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, “তারেক রহমান ঠিক এরশাদের মতোই দেশ চালাতে চাইছেন। প্রশাসক নিয়োগ দিয়ে রাষ্ট্র পরিচালনার এই পাঁয়তারা বন্ধ করতে হবে। এরশাদের মতো দেশ চালালে পরিণতিও তাঁর মতোই হতে পারে।”
বর্তমান সরকারের সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে সরকার এখন জাতির সাথে প্রতারণা করছে। তিনি মনে করিয়ে দেন, অতীতে যারা জনগণের সাথে প্রতারণা করেছে, তারা বেশিদিন টিকতে পারেনি।
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ‘উগ্রপন্থী’দের জয় নিয়ে শঙ্কা প্রকাশ করে আসিফ মাহমুদ বলেন, “বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আপনারা কথা না বললেই ভালো। আমাদের বিষয় দেখার জন্য আমরাই যথেষ্ট।”
সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা স্থানীয় সরকার ব্যবস্থা সচল করতে দ্রুত নির্বাচনের বিকল্প নেই বলে সরকারকে সতর্ক করেন।
