শেরপুরের নকলা উপজেলায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার মানসিক কষ্ট সহ্য করতে না পেরে অন্তি (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে উপজেলার ৯ নম্বর চন্দ্রকোনা ইউনিয়নের চর আলগী গ্রামে পরিবারের অজান্তে নিজ বসতঘরে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত অন্তি চন্দ্রকোনা বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। সে ওই গ্রামের দুলাল মিয়ার তিন কন্যার মধ্যে সবার ছোট।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হওয়ার পর থেকেই অন্তি মানসিকভাবে বেশ ভেঙে পড়ে এবং সারাদিন ভীষণ মন খারাপ করে ছিল। মঙ্গলবার রাত ৩টার দিকে পরিবারের সদস্যরা তাকে নিজ ঘরে গলায় গামছা/রশি দিয়ে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তাদের চিৎকার-আহাজারিতে আশপাশের প্রতিবেশীরা ছুটে আসেন।
স্থানীয় সাবেক ক্রিকেটার ফারুকুজ্জামান দুঃখ প্রকাশ করে বলেন, “পরীক্ষায় অকৃতকার্য হলেই জীবন শেষ হয়ে যায় না। এমন মুহূর্তে পরিবারের সদস্যদের উচিত ছিল মানসিকভাবে পাশে দাঁড়িয়ে তাকে সাহস দেওয়া। এই ধরনের আত্মহত্যা কোনোভাবেই কাম্য নয়।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রকোনা তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) আব্দুল হালিম জানান, খবর পেয়ে ভোরেই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এক সম্ভাবনাময়ী কিশোরীর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে চন্দ্রকোনা এলাকা জুড়ে গভীর শোক ও স্তব্ধতা বিরাজ করছে।
