‘মাফিয়ারা সরকারও নিয়ন্ত্রণ করে, সিস্টেম না বদলালে ন্যায়বিচার সম্ভব নয়’- নোয়াখালীতে হান্নান মাসউদ

নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল হান্নান মাসউদ দাবি করেছেন যে, দেশের শক্তিশালী মাফিয়া চক্র বর্তমানে সরকারকেও নিয়ন্ত্রণ করছে। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে চাটখিল উপজেলা অডিটোরিয়ামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের সঙ্গে এক বিশেষ ‘চায়ের আড্ডায়’ তিনি এসব কথা বলেন।

এমপি মাসউদ বলেন, “আসলে মাফিয়াদের বিরুদ্ধে কথা বলতে গেলে একটু কম বলতে হয়। সরকারের বিরুদ্ধে বলা যায়, কিন্তু মাফিয়াদের বিরুদ্ধে কথা বলা কঠিন। এখন সরকারকেও মাফিয়ারা কন্ট্রোল করছে। এদের হাত এত শক্তিশালী যে তারা যেকোনো সরকার পরিবর্তন করার ক্ষমতা রাখে।”

ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমরা হাদি হত্যার বিচার চাই এবং ইনকিলাব মঞ্চের আন্দোলনে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। তবে মনে রাখতে হবে, শুধু হাদি নয়, অতীতে এমন বহু হত্যাকাণ্ড ঘটেছে যার বিচার আজও মেলেনি।”

বিচারহীনতার সংস্কৃতির জন্য বিদ্যমান ‘পচা-গলা সিস্টেম’কে দায়ী করে তিনি বলেন, “ব্যক্তি বিশেষের পরিবর্তনের চেয়ে সিস্টেমের পরিবর্তন বেশি জরুরি। বাংলাদেশের সিস্টেমগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে, রাস্তায় চিৎকার করলেও লাভ হয় না। সিস্টেমের জন্য চাপ দিয়ে পুরো দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতি বন্ধ হলেই কেবল সিস্টেম পরিবর্তন সম্ভব।”

অনুষ্ঠানে এনসিপির জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাসউদ তাঁর বক্তব্যে দুর্নীতির উৎসগুলো বন্ধ করার জন্য অপশন পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *