মাদক ও মানবপাচার বন্ধে কঠোর অবস্থানে সরকার; শিগগিরই বিশেষ অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদক ও মানবপাচার বন্ধে শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান শুরু করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে কক্সবাজারের টেকনাফ এজাহার সরকারি উচ্চবিদ্যালয়ে আয়োজিত কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মাদক এখন ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, যা যুবসমাজকে বিপথগামী করছে। মাদক ও মানবপাচার রোধে সরকার কঠোর অবস্থান নিয়েছে।” বিশেষ করে টেকনাফ, উখিয়া ও কক্সবাজারের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো চিহ্নিত করে সুসংগঠিতভাবে অভিযান পরিচালনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

বর্তমানে উদ্বেগজনক হারে বেড়ে যাওয়া অনলাইন জুয়া বন্ধে সরকার গবেষণা কার্যক্রম শুরু করেছে বলে জানান মন্ত্রী। এছাড়া তিনি বলেন, “ভোটের কালি শুকানোর আগেই জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে বিএনপি। বিএনপি যা বলে তা-ই করে।” কৃষক কার্ড বিতরণকে তিনি দেশের অর্থনীতির মেরুদণ্ড কৃষকদের উন্নয়নে একটি ঐতিহাসিক উদ্যোগ হিসেবে অভিহিত করেন।

এর আগে সকাল ১০টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেন। তিনি নাফ নদীর জলসীমা এবং বন্দরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এসময় ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের কর্মকর্তারা মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটের কারণে বন্দরের স্থবিরতা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

অনুষ্ঠানে কক্সবাজারের বিভিন্ন আসনের সংসদ সদস্যবৃন্দ, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী অপরাধ দমনে সাধারণ মানুষ ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *