প্রশাসনিক কাজে গতিশীলতা ফিরিয়ে আনতে নিজের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাপ্তাহিক ছুটির দিনেও সরকারি কাজ সচল রাখার লক্ষ্যে আজ শনিবার প্রথমবারের মতো তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) অফিস করেছেন তিনি।
শপথ গ্রহণের পর এটিই ছিল ছুটির দিনে তাঁর প্রথম দাপ্তরিক কার্যদিবস। এর আগে দায়িত্ব নেওয়ার পরপরই তিনি ঘোষণা করেছিলেন যে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজের জট কমাতে এবং সেবার মান ত্বরান্বিত করতে সপ্তাহের ছুটির দিন শনিবারেও তিনি নিয়মিত অফিস করবেন।
প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ের মূল ভবনে প্রবেশের সময় এক সৌহার্দ্যপূর্ণ মুহূর্তের সৃষ্টি হয়। সেখানে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনকালে কর্মরত থাকা কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের খোঁজখবর নেন। দীর্ঘদিনের পরিচিত মুখগুলোর সঙ্গে আন্তরিকভাবে কুশলাদি বিনিময় শেষে তিনি তাঁর দাপ্তরিক কাজ শুরু করেন।
