দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১০৫ জনের মধ্যে সন্দেহজনক হাম সংক্রমণ শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই আশঙ্কাজনক তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৩ এপ্রিল সকাল ৮টা থেকে ১৪ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া ৯ শিশুর মধ্যে ১ জন নিশ্চিত হামে আক্রান্ত ছিল এবং বাকি ৮ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। মৃতদের মধ্যে ৬ জন ঢাকার, ২ জন চট্টগ্রামের এবং ১ জন রাজশাহীর বাসিন্দা।
নতুন করে আক্রান্তদের মধ্যে অর্ধেকের বেশি ঢাকা বিভাগের। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৮৫ জনের হাম শনাক্ত হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হওয়া ৬৯৮ শিশুর মধ্যে ২৯০ জনই ঢাকার। বর্তমানে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭৬ জন, যার মধ্যে ১৫৭ জনই ঢাকা বিভাগের।
গত ১৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১৯৫ জন শিশুর মৃত্যু হয়েছে (নিশ্চিত হামে ৩১ জন এবং উপসর্গে ১৬৪ জন)। এই এক মাসে মোট ১৮ হাজার ১২৯ জনের হাম শনাক্ত হয়েছে এবং ১১ হাজার ৬৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ৩০৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর হামের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করতে এবং টিকাদান কর্মসূচি সফল করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে।
