তৈল সংকটে বন্ধ দেশের একমাত্র শোধনাগার ইস্টার্ন রিফাইনারি; স্বাভাবিক থাকবে সরবরাহ

অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) শেষ হয়ে যাওয়ায় কার্যক্রম বন্ধ করে দিয়েছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড (ইআরএল)। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে কারখানাটিতে শেষ পরিশোধন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রভাবে গত দুই মাস ধরে অপরিশোধিত তেল আমদানি বন্ধ রয়েছে। সংকট এতটাই প্রকট হয়েছিল যে, মহেশখালীর সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) পাইপলাইনের জমা তেল এবং স্টোরেজ ট্যাংকের তলানির ‘ডেড স্টক’ দিয়েও শেষ চেষ্টা চালানো হয়েছিল। মে মাসের প্রথম সপ্তাহের আগে পরবর্তী চালান দেশে পৌঁছানোর কোনো সম্ভাবনা নেই।

ইআরএল বন্ধ হয়ে গেলেও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং জ্বালানি বিভাগ সাধারণ গ্রাহকদের আশ্বস্ত করেছে। তাদের ভাষ্যমতে, দেশে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ফলে পাম্পগুলোতে বা সাধারণ সরবরাহ ব্যবস্থায় কোনো বিঘ্ন ঘটবে না।

ইআরএল সাধারণত দৈনিক গড়ে সাড়ে চার হাজার টন তেল পরিশোধন করে। আমদানিতে বিঘ্ন ঘটায় গত মাস থেকেই উৎপাদন কমিয়ে সাড়ে তিন হাজার টনে নামিয়ে আনা হয়েছিল। উল্লেখ্য, দেশে বছরে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল আমদানি করা হয়, যা এই কারখানায় পরিশোধন করা হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *