বিশ্বের শীর্ষ ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম (TIME) প্রকাশিত ২০২৬ সালের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) ২০২৬ সালের এই তালিকা প্রকাশ করে সাময়িকীটি। প্রধানমন্ত্রীকে নিয়ে প্রকাশিত বর্ণাঢ্য এই মুখবন্ধটি লিখেছেন টাইমের সিঙ্গাপুর ব্যুরো সম্পাদক ও প্রখ্যাত ভূরাজনীতি বিশেষজ্ঞ চার্লি ক্যাম্ববেল।

প্রধানমন্ত্রীর প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই গৌরবময় সংবাদ নিশ্চিত করেছেন। তিনি এই স্বীকৃতিকে বাংলাদেশের জন্য এক বিশাল গণতান্ত্রিক মাইলফলক হিসেবে অভিহিত করেন।

মাহদী আমিন তাঁর পোস্টে উল্লেখ করেন, “টাইম ম্যাগাজিন এই স্বীকৃতির মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব, অসীম সাহসিকতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের অসামান্য অবদানকে আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃতি দিল। যখন দেশে মানুষের ভোটের অধিকার ও বাকস্বাধীনতা ছিল না, তখন তিনি দৃঢ়তা নিয়ে সামনে এগিয়ে এসেছেন এবং নির্যাতিত মানুষের কণ্ঠস্বর হয়ে কথা বলেছেন।”

তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে উল্লেখ করা হয়, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দীর্ঘ লড়াই শেষে আবারও গণতন্ত্রের পথে ফিরে এসেছে। উপদেষ্টা আরও বলেন, “স্মরণকালের শ্রেষ্ঠ স্বদেশ প্রত্যাবর্তনের দিনই তিনি বলেছিলেন—’আই হ্যাভ এ প্ল্যান’। সেই পরিকল্পনা অনুযায়ী একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে তিনি নিরলস কাজ করছেন। নির্বাচিত সরকারের দুই মাসেরও কম সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়নই তাঁর নেতৃত্বের ক্যারিশম্যাটিক দক্ষতার প্রমাণ।”

টাইম-এর এই তালিকায় স্থান পাওয়াকে কেবল ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের ১৭ কোটি মানুষের এবং গণতন্ত্রের বিজয় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *