যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের মুখে এবার পাল্টা সামরিক ব্যবস্থা গ্রহণের কঠোর হুমকি দিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, মার্কিন বাহিনী যদি তাদের অবরোধ প্রত্যাহার না করে, তবে পারস্য উপসাগর, ওমান সাগর এবং লোহিত সাগরে যাবতীয় আন্তর্জাতিক জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হবে। বুধবার (১৫ এপ্রিল) ইরানের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ সমন্বয়কারী সংস্থা ‘খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’-এর কমান্ডার আলী আবদুল্লাহি এই হুঁশিয়ারি দেন।
বিবিসির প্রতিবেদন অনুসারে, আলী আবদুল্লাহি জানান, যুক্তরাষ্ট্র ইরানের বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকারের জন্য যে অনিরাপদ পরিস্থিতি তৈরি করেছে, তা গত ৮ এপ্রিল ঘোষিত যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। তিনি বলেন, “যুক্তরাষ্ট্র যদি অবরোধ বজায় রাখে, তবে ইরান সেনাবাহিনী এই অঞ্চলের জলপথগুলোতে যাবতীয় আমদানি ও রপ্তানি কার্যক্রম সম্পূর্ণ স্তব্ধ করে দেবে।” যদিও তিনি কোনো নির্দিষ্ট দেশের নাম নেননি, তবে তাঁর এই হুমকি বৈশ্বিক জ্বালানি ও পণ্য সরবরাহ ব্যবস্থার জন্য বড় বিপদ হিসেবে দেখা হচ্ছে।
গত সোমবার থেকে শুরু হওয়া মার্কিন নৌ-অবরোধের প্রভাবে বুধবার মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ওমান সাগরে ইতোমধ্যে ছয়টি বাণিজ্যিক জাহাজকে গতিরোধ করে ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রথম ২৪ ঘণ্টায় কোনো জাহাজই এই কঠোর অবরোধ অতিক্রম করতে সক্ষম হয়নি।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দফার আলোচনা ব্যর্থ হওয়ার পর পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী দুই দিনের মধ্যে পুনরায় আলোচনার সম্ভাবনা ব্যক্ত করলেও ইরান এখন পর্যন্ত এতে সাড়া দেওয়ার কোনো নিশ্চয়তা দেয়নি। লোহিত সাগর ও পারস্য উপসাগরের মতো গুরুত্বপূর্ণ রুটগুলো বন্ধ হয়ে গেলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধস নামার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
