দেশের দুই অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস; ১ নম্বর সতর্ক সংকেত

দেশের কিছু কিছু অঞ্চলে তীব্র তাপপ্রবাহের পাশাপাশি বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় আজ বুধবার রাতের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বিকেলে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া বার্তায় বলা হয়েছে, আজ রাত ১টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বর্তমানে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এই তাপপ্রবাহ আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এর ফলে চলমান তাপপ্রবাহ প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

তবে শুক্রবার (১৭ এপ্রিল) থেকে সোমবার সকাল পর্যন্ত তাপমাত্রা পুনরায় কিছুটা বেড়ে অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *