ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আসা শিশুর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের বিশেষায়িত হাম আইসোলেশন ওয়ার্ডে আরও ২৬ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৯১ শিশু।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে মমেক হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা জানান, গত ১৭ মার্চ থেকে ১৭ এপ্রিল সকাল পর্যন্ত এক মাসে মোট ৫৪১ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৩৭ জন। তবে অত্যন্ত দুঃখজনকভাবে এই সময়ের মধ্যে ১৩ শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন শিশুদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, এক মাস থেকে দশ বছর বয়সী শিশুরা এই ওয়ার্ডে ভর্তি হচ্ছে। তবে আক্রান্তদের মধ্যে তিন মাস থেকে এক বছর বয়সী শিশুর সংখ্যাই সবচেয়ে বেশি। পরিস্থিতি সামাল দিতে তিনটি পৃথক মেডিকেল টিম গঠন করে দিনরাত চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
চিকিৎসকরা জানিয়েছেন, শিশুদের উচ্চ জ্বর, শরীরে লালচে দানা এবং শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলেই দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে যারা এখনো হামের টিকা নেয়নি, তারাই বেশি ঝুঁকির মুখে রয়েছে।
