আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারেও স্বর্ণের দাম প্রতিনিয়ত ওঠানামা করছে। সবশেষ গত বুধবার (১৫ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করার পর, আজ রোববারও (১৯ এপ্রিল) সেই রেকর্ড উচ্চমূল্যেই কেনাবেচা হচ্ছে মূল্যবান এই ধাতু।
বাজুসের সর্বশেষ মূল্যতালিকা অনুযায়ী, আজ দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকায়।
উল্লেখ্য যে, বাজুস নির্ধারিত এই বিক্রয়মূল্যের সঙ্গে ক্রেতাকে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গয়নার নকশা ও মানভেদে মজুরির পরিমাণ কম-বেশি হতে পারে। ফলে ২২ ক্যারেটের এক ভরি গয়না কিনতে ক্রেতাকে এখন প্রায় ২ লাখ ৮০ হাজার টাকার কাছাকাছি খরচ করতে হচ্ছে।
পরিসংখ্যান বলছে, ২০২৬ সালের প্রথম সাড়ে তিন মাসেই এখন পর্যন্ত ৫৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৩ বার কমানো হয়েছে। আমদানিনির্ভর এই খাতের দাম মূলত বিশ্ববাজারের পরিস্থিতির ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
