৭ বিভাগে ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা; সিলেটে ৬০ কিমি বেগে বইতে পারে ঝড়

দেশের বিভিন্ন অঞ্চলে আজ বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি এবং কয়েকটি জেলায় কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে কোনো কোনো অঞ্চলে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ সময় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

আজ দুপুর ১টার মধ্যে সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, আজ বিকেলের মধ্যে রংপুর ও ময়মনসিংহ বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের পাশাপাশি খুলনা ও বরিশাল বিভাগের কয়েকটি জেলাতেও দুপুর থেকে রাত ১০টার মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতে পারে। বিশেষ করে সিলেট বিভাগে দিনে ও রাতে কয়েক দফা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *