তাপপ্রবাহের মধ্যে বৃষ্টির বার্তা; তিন অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

সারাদেশে অব্যাহত তাপপ্রবাহের তীব্রতার মধ্যেই স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আজ বুধবার (২২ এপ্রিল) রাতে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনো কোনো এলাকায় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে।

বৃষ্টির পূর্বাভাস থাকলেও দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফলে বৃষ্টির অঞ্চলগুলো ছাড়া অন্যত্র গরমের দাপট এখনই কমছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *