গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় দ্রুতগামী অটোরিকশার ধাক্কায় জুবায়ের মিয়া (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী সড়কে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে দীর্ঘক্ষণ অবরোধ করে রাখে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার ধাপেরহাট এলাকার সাদুল্লাপুর-ধাপেরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জোবায়ের উপজেলার হিংগারপাড়া গ্রামের আফিজুর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে শিশু জোবায়ের রাস্তা পার হওয়ার সময় ধাপেরহাট থেকে সাদুল্যাপুরগামী একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
শিশু মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যায় বিক্ষুব্ধ এলাকাবাসী সাদুল্লাপুর-ধাপেরহাট সড়কে নেমে আসে। তারা সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এতে সড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে।
খবর পেয়ে সাদুল্যাপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, শিশু মৃত্যুর প্রতিবাদে স্থানীয়রা সড়ক অবরোধ করেছিল। পরে পুলিশের আশ্বাসের প্রেক্ষিতে এবং দীর্ঘ প্রচেষ্টায় অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
