মোনাকোতে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সম্মেলনে বাংলাদেশ নৌবাহিনীর গৌরবোজ্জ্বল উপস্থিতি।

ঢাকা, ২৩ এপ্রিল ২০২৬: মোনাকোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার (IHO) ৪র্থ সম্মেলনে সফলভাবে অংশগ্রহণ করেছে বাংলাদেশ নৌবাহিনীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। ১৯ থেকে ২৩ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত এই সম্মেলনে বাংলাদেশ নৌবাহিনীর সহকারী নৌপ্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। তিনি বর্তমানে ন্যাশনাল হাইড্রোগ্রাফিক কমিটি এবং নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রতি তিন বছর অন্তর আয়োজিত এই সম্মেলনে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার শীর্ষ পদসমূহের নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এবারের সম্মেলনে নটিক্যাল চার্ট প্রণয়নের মানোন্নয়ন, ডিজিটাল রূপান্তর এবং সামুদ্রিক নিরাপত্তা কাঠামো জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এছাড়া, ভবিষ্যতের হাইড্রোগ্রাফিক মানদণ্ড ‘এস-১০০ ফ্রেমওয়ার্ক’ বাস্তবায়ন এবং জরিপ কাজে অত্যাধুনিক স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ব্যাংককে অনুষ্ঠিত ২৪তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ বর্তমানে ২০২৫-২০২৭ মেয়াদে নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে। মোনাকোর এই সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক সামুদ্রিক ব্যবস্থাপনা ও হাইড্রোগ্রাফিক উন্নয়নে বাংলাদেশের ক্রমবর্ধমান নেতৃত্ব আরও সুসংহত হলো। উপকূলীয় রাষ্ট্রসমূহের জন্য হাইড্রোগ্রাফির গুরুত্ব এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির বিষয়েও বাংলাদেশ তার জোরালো অবস্থান তুলে ধরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *