যশোর জেলা বার অ্যাসোসিয়েশনের নবনির্মিত ভবন উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী বলেন, জুলাই সনদ, মানবাধিকার কমিশন, বিচার বিভাগের স্বাধীনতা ও বিচার বিভাগীয় সচিবালয় আইনের বিষয়ের অনেকে প্রশ্ন তুলছেন। প্রতিটি আইন যাচাই বাছাই করে সংসদে বিল আকারে আনা হবে।
মন্ত্রী বলেন, অনেকেই বলছেন বিএনপি জুলাই সনদ অস্বীকার করছে। অথচ বিএনপি ধমনীতে জুলাই সনদ ধারণ করে। জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, জুলাই সনদের বিষয়ে বিএনপি যে অঙ্গীকার করেছিল তা অক্ষরে অক্ষরে পালন করবে।
আইনমন্ত্রী বলেন, মাজদার হোসেনের উদাহরণ দিয়ে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হচ্ছে। আমরা মাজদার হোসেনের মতো দুর্নীতিগ্রস্ত বিচার বিভাগ গড়তে চাই না। বিচার বিভাগের সব দুর্নীতির শেকড় তুলে আনতে চাই।
যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বক্তৃতা করেন।
