যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করাকে বিশ্বের অন্যতম এক ‘বিপজ্জনক পেশা’ বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার ওয়াশিংটনে সাংবাদিকদের এক নৈশভোজের সময় গুলির ঘটনার পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
গত কয়েক বছরের মধ্যে এটি ট্রাম্পের আশপাশে ঘটা তৃতীয় কোনো গুলির ঘটনা বা হামলার প্রচেষ্টা। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিজের দায়িত্ব সম্পর্কে ট্রাম্প বলেন, “এর চেয়ে বিপজ্জনক কোনো পেশার কথা আমি কল্পনাও করতে পারি না।”
নৈশভোজে গুলির ঘটনা তাকে কতটা প্রভাবিত করেছে – সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি চরম বিপদেও বিচলিত হন না। একটি বিপজ্জনক পদে থাকা সত্ত্বেও তিনি বেশ স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করেন। তিনি বলেন, “আমি এটা নিয়ে ভাবতে পছন্দ করি না। আমার মনে হয়, যতটা ভালোভাবে সামলানো যায়, আমি ততটাই সামলাই। আমি ভয়ে মানসিকভাবে বিধ্বস্ত কোনো ব্যক্তি নই।”
ট্রাম্পের মেয়াদে বারবার এমন প্রাণঘাতী পরিস্থিতির সৃষ্টি হওয়ায় মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, এসব ঘটনায় তিনি তাঁর স্বাভাবিক কাজ ও জীবনধারা থেকে পিছিয়ে আসবেন না। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে তাঁর এই আত্মবিশ্বাসী বক্তব্য আন্তর্জাতিক মহলে বেশ গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
সূত্র: বিবিসি
