ফরিদপুরের ভাঙ্গায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ৩০ ফুট গভীর খাদে উল্টে পড়ে দুইজন নিহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) সকালে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন।
নিহতরা হলেন—ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী গ্ৰামের সেকেন মোল্লার ছেলে ব্যবসায়ী জাহাঙ্গীর মোল্লা (৪০) এবং একই গ্রামের নেছার উদ্দিন শেখের ছেলে আলমগীর শেখ (৪২)।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে ফরিদপুর থেকে বরিশালগামী ‘শাহ ফরিদ পরিবহন’-এর একটি বাস বাবলাতলা ব্রিজের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই বাসটি সড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন এবং ঢাকা নেওয়ার পথে অন্যজনের মৃত্যু হয়।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, সকাল ৯টার দিকে খবর পেয়ে তাঁরা ২৫-৩০ জনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন। গুরুতর আহত ১৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোহাম্মদ মামুন মিয়া জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
