১০ টাকা কেজি দরে চাল দেওয়ার মতো করে বিভিন্ন ধরনের কার্ড দেখিয়ে জনগণকে প্রলুব্ধ করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে নির্বাচনী জনসভায় যোগ দিতে উত্তরাঞ্চলে যাওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, জামায়াতে ইসলামী কখনো জনগণকে কেনার রাজনীতিতে বিশ্বাস করে না; বরং মানুষের জীবন ও মর্যাদার প্রতি সম্মান দেখায়।
ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, যারা নিজেরাই জনগণকে প্রলোভন দেখানোর কাজ করছেন, তারাই এখন সেই দায় অন্যদের ঘাড়ে চাপানোর চেষ্টা করছেন। ১০ টাকা কেজি চালের মতো নানা কার্ডের লোভ দেখানো হচ্ছে, এমনকি মানুষকে ফ্ল্যাট হাতে তুলে দেওয়ার আশ্বাসও দেওয়া হচ্ছে। তিনি বলেন, এসব চোরাপথে জনগণের ভোটাধিকার ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রভাবিত করার প্রচেষ্টাকে জামায়াত ঘৃণা করে।
সরকার গঠনের সুযোগ পেলে কোনো মিথ্যা স্বপ্ন বা অলীক প্রতিশ্রুতি নয়, বাস্তবতা ও যৌক্তিকতার ভিত্তিতে দেশ পরিচালনার আশ্বাস দেন জামায়াত আমির। তিনি বলেন, জনগণের ভোট, ভালোবাসা ও সমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের সম্পদ ও সামর্থ্য ব্যবহার করে ইনসাফভিত্তিক উন্নয়ন এবং বাস্তবসম্মত সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে।
