তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর চলা দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তার অবসান ঘটল। অভিনেতা সি জোসেফ থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন দল তামিলগ ভেট্রি কাজাঘাম (টিভিকে) প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। বিদুথালাই চিরুথাইগল কাছি (ভিসিকে) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) নিঃশর্ত সমর্থন দেওয়ায় বিজয় জোটের বর্তমান আসনসংখ্যা দাঁড়িয়েছে ১২০-এ, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে।
নির্বাচনের পর এককভাবে সরকার গঠনের মতো পর্যাপ্ত আসন না থাকায় আইনি ও রাজনৈতিক জটিলতায় পড়েছিল বিজয়ের দল। তবে আজ ভিসিকে ও আইইউএমএল-এর দুই জন করে মোট চারজন বিধায়ক সমর্থন দেওয়ায় সব বাধা কেটে গেছে। এর ফলে তামিলনাড়ুর ইতিহাসে প্রথমবারের মতো বড় কোনো জোট সরকার গঠিত হতে যাচ্ছে এবং থালাপতি বিজয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।
ভিসিকে সভাপতি থোল থিরুমাভালাভানের পক্ষ থেকে রাজ্যপাল আরভি আর্লেকারকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, তামিলনাড়ুর জনগণের জন্য একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক সরকার নিশ্চিত করতেই তারা বিজয়ের নেতৃত্বাধীন জোটকে নিঃশর্ত সমর্থন দিচ্ছে। টিভিকে সদর দপ্তরে এই খবর পৌঁছানোর পরপরই কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক আনন্দ-উল্লাস শুরু হয়।
পরবর্তী ধাপ হিসেবে বিজয় তাঁর জোটের ১২০ বিধায়কের সমর্থনপত্র নিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানাবেন। রাজ্যপাল সবুজ সংকেত দিলেই শপথগ্রহণের দিনক্ষণ চূড়ান্ত হবে। ডিএমকে ও এডিএমকে-র মতো প্রথাগত শক্তিকে পেছনে ফেলে বিজয়ের এই উত্থানকে ভারতীয় রাজনীতির এক নতুন অধ্যায় হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
সূত্র: এনডিটিভি
