দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে আজ রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আজ শনিবার (৯ মে) বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার রাত ১টার মধ্যে রংপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, খুলনা ও বরিশাল অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
ঝোড়ো হাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে পরবর্তী বর্ধিত ৫ দিনে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের মাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
