ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে জাতিসংঘ সরাসরি কোনো রাষ্ট্রের নাম উল্লেখ না করে জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে। জাতিসংঘের মতে, বাংলাদেশে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত সহিংসতায় জড়িতদের নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
স্থানীয় সময় বুধবার (২১ জানুয়ারি) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি আলোচনায় আসে। ব্রিফিংয়ে এক সাংবাদিক উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে এবং এ সংক্রান্ত মামলায় শেখ হাসিনাকে হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে বাংলাদেশের একটি আদালতে দোষী সাব্যস্ত করা হয়েছে। এ প্রেক্ষাপটে তিনি জানতে চান, ন্যায়বিচার নিশ্চিত করতে জাতিসংঘ কি ভারত সরকারকে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের আহ্বান জানাবে।
জবাবে জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক বলেন, অপরাধে জড়িতদের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এ প্রক্রিয়া আন্তর্জাতিক আইন ও আইনের শাসনের প্রতি পূর্ণ সম্মান রেখেই সম্পন্ন হতে হবে।
তিনি আরও জানান, সংঘটিত হত্যাকাণ্ড সংক্রান্ত তথ্য সংগ্রহ ও সরবরাহের ক্ষেত্রে জাতিসংঘ নিজেও ভূমিকা রেখেছে। তার ভাষায়, জবাবদিহিতা অপরিহার্য হলেও তা অবশ্যই আন্তর্জাতিক আইনি কাঠামোর ভেতরে থেকেই বাস্তবায়ন করা উচিত।
এই বক্তব্যের মাধ্যমে জাতিসংঘ স্পষ্ট করে দেয় যে, তারা ন্যায়বিচার ও জবাবদিহিতার পক্ষে থাকলেও কোনো নির্দিষ্ট রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়ার পরিবর্তে আন্তর্জাতিক আইনের অনুসরণকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
