ইরানের সাথে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পরও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমছে না। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার নির্ধারিত সময়ের পর ইরান বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে—এমন অভিযোগে ইরানে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বিমান বাহিনী। ‘টাইমস অব ইসরায়েল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে এই সমঝোতাকে যুক্তরাষ্ট্রের বড় ‘বিজয়’ হিসেবে অভিহিত করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। তিনি দাবি করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন সামরিক বাহিনীর কারণেই এই কূটনৈতিক সমাধান সম্ভব হয়েছে। লেভিট জানান, ট্রাম্পের ধারণা ছিল যুদ্ধ ৪ থেকে ৬ সপ্তাহ চলবে, কিন্তু মাত্র ৩৮ দিনেই যুক্তরাষ্ট্র তার মূল সামরিক লক্ষ্যগুলো অর্জন করেছে। হোয়াইট হাউসের মতে, এই সামরিক সাফল্যই ট্রাম্পকে আলোচনার টেবিলে শক্তিশালী অবস্থানে বসিয়েছে এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব হয়েছে।
অন্যদিকে, ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, তারা ইসলামাবাদে রাজনৈতিক আলোচনার মাধ্যমে তাদের ‘যুদ্ধক্ষেত্রের বিজয়’ সুসংহত করতে চায়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই যুদ্ধবিরতিতে লেবাননকেও অন্তর্ভুক্ত করার কথা জানালেও, ইসরায়েল এখনো হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান বন্ধের কোনো ইঙ্গিত দেয়নি।
