রাজধানীতেও হামের আতঙ্ক: শিশু হাসপাতালে ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু

রাজশাহীর পর এবার রাজধানী ঢাকাতেও হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বাড়ছে। রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) হাসপাতাল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে আইসিইউতে হামের গুরুতর উপসর্গ নিয়ে ১৩ জন শিশু ভর্তি রয়েছে। সরেজমিন ঘুরে দেখা গেছে, সুস্থ হয়ে বাড়ি ফেরার তুলনায় নতুন রোগী ভর্তির সংখ্যাই বেশি। তবে ভর্তি হওয়া সব শিশু হামে আক্রান্ত কি না, তা নিশ্চিত করতে পরীক্ষা-নিরীক্ষা চলছে। অনেক অভিভাবক জানিয়েছেন, সর্দি-জ্বর বা ডায়রিয়া হওয়ার ৪-৫ দিন পর শিশুর শরীরে হামের লক্ষণ স্পষ্ট হচ্ছে।

চিকিৎসকরা জানিয়েছেন, অনেক অভিভাবক শিশু অসুস্থ হওয়ার পর চিকিৎসকের পরামর্শ ছাড়াই স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ খাওয়াচ্ছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সঠিক সময়ে চিকিৎসা না পাওয়ায় শিশুদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে। শিশু অসুস্থ হওয়ার এক থেকে দুই দিনের মধ্যেই হাসপাতালে নিয়ে আসার জোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *