আল্লামা মামুনুল হকের সাথে ইরানের রাষ্ট্রদূতের বৈঠক; জাহাজ চলাচলে সহযোগিতার আশ্বাস

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের হাইকমিশনার জনাব জলিল রহিমি জাহানাবাদি। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ঢাকার মোহাম্মদপুরস্থ আমীরে মজলিসের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ইরান দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন আমিরি, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, আমীরে মজলিসের পররাষ্ট্র বিষয়ক সচিব ফারিদ খান।

সাক্ষাৎকালে ইরানে চলমান আমেরিকা-ইসরাইল আগ্রাসন, বৈশ্বিক জ্বালানি সংকটসহ সমসাময়িক আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। আমীরে মজলিস ইরানে পরিচালিত সাম্প্রতিক সময়ের ইসরাইল-আমেরিকান আগ্রাসনকে উম্মাহর বিরুদ্ধে কুফরি শক্তির আক্রমণ বলে অভিহিত করেন এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ইরানের প্রতি সংহতি প্রকাশ করেন।

এ সময় আমীরে মজলিস হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশী তেলবাহী জাহাজ চলাচলে ইরানকে ইতিবাচক ভূমিকা রাখার অনুরোধ জানান। ইরানের হাইকমিশনার বিষয়টিকে গুরুত্বের সাথে সমাধানের চেষ্টা চালাবেন এবং এ বিষয়ে তার দেশে ইতিবাচক বার্তা প্রেরণ করবেন বলে আশ্বাস দেন। সেই সাথে ইরান ও বাংলাদেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে সহযোগিতা অব্যাহত রাখারও প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *