বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সোমবার (২৭ এপ্রিল) মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, জনশক্তি রপ্তানির খরচ কমানো এবং প্রবাসীদের স্বার্থ সুরক্ষায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়।
বৈঠকে মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রবাসীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে দ্রুতই ‘প্রবাসী কার্ড’ চালু করা হচ্ছে। তিনি দক্ষ জনশক্তি নিয়োগে ‘কোয়ালিফাইড ট্যালেন্ট ব্যাংক’ তৈরি এবং রিক্রুটিং এজেন্সির নিবন্ধন প্রক্রিয়া সহজ করার প্রস্তাব দেন। মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, কর্মী নিয়োগে কোনো প্রকার অনিয়ম বা অবৈধ লেনদেনের ক্ষেত্রে বর্তমান সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে।
সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বর্তমান সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন, আকামা ফি কর্মীদের ওপর চাপিয়ে দেওয়া অন্যায় এবং এ বিষয়ে তারা সজাগ আছেন। তিনি অনিয়মের সঙ্গে জড়িত ৯৯০টি রিক্রুটিং এজেন্সিকে জবাবদিহিতার আওতায় আনার অনুরোধ জানান। এছাড়া সৌদি আরবে বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপের সংখ্যা ২৫০ থেকে বাড়িয়ে ৫০০ করার এবং সরাসরি সিলেট-সৌদি আরব ফ্লাইট চালুর বিষয়েও বৈঠকে আলোচনা হয়।
