বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকবে যুক্তরাজ্য: সারাহ কুক

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। আজ সোমবার (২৭ এপ্রিল) স্পীকারের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে স্পীকার বলেন, “বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যুক্তরাজ্যের জনগণের সমর্থন আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি।” তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রে যুক্তরাজ্যের ‘ওয়েস্ট মিনিস্টার ডেমোক্রেসি’ অনুসরণ করে। ১৯৯১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে সংসদীয় গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার বিষয়টিও তিনি আলোচনায় তুলে ধরেন।

বৈঠকে দুই দেশের শিক্ষা সহায়তা, বৈদেশিক বিনিয়োগ এবং অভিবাসন সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশের শিক্ষার মানোন্নয়নে যুক্তরাজ্যের ভূমিকার প্রশংসা করেন স্পীকার। হাইকমিশনার সারাহ কুক বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে স্পীকার নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। এছাড়াও বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ব্রিটিশ সরকার যেকোনো যুদ্ধ ও সংঘাতের বিপক্ষে তাদের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *