রাজধানীর কুর্মিটোলায় অবস্থিত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে সদর দপ্তরের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুনের খবর পাওয়ার পরপরই ইউনিট দুটি ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কার্যালয়ের দ্বিতীয় তলায় আগুন লাগার বিষয়টি জানা গেছে। তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটুকু, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ চালিয়ে যাচ্ছেন।
