বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ এবং টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পাওয়া গেছে। আজ সোমবার (২৭ এপ্রিল) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সাথে বিশ্বব্যাংকের ডিভিশনাল ডিরেক্টর জ্যঁ পেসমে (Jean Pesme) এক সৌজন্য সাক্ষাৎকালে এই আশ্বাস দেন। এ সময় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশে চলমান পরিবেশ উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি এবং পরিবেশ অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বায়ু ও পানি দূষণ পর্যবেক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির ব্যবহার এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসার নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।
পরিবেশ মন্ত্রী বলেন, “বিশ্বব্যাংকের সহায়তায় চলমান প্রকল্পগুলো জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে এগিয়ে নিচ্ছে। আমরা এসব প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়ন করছি।”
বিশ্বব্যাংকের প্রতিনিধি জ্যঁ পেসমে জানান, সরকারের অগ্রাধিকার কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রিন জব (Green Job) সৃষ্টি এবং দূষণ নিয়ন্ত্রণে নতুন বিনিয়োগে বিশ্বব্যাংক আগ্রহী। তিনি পরিবেশ সুরক্ষায় অর্থায়নের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। জবাবে মন্ত্রী আশ্বস্ত করেন যে, বিশ্বব্যাংকের ঋণসহায়তা সঠিকভাবে কাজে লাগাতে মন্ত্রণালয় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করবে।
