তারেক রহমানকে ঘিরে এনসিপির অভিযোগ ভিত্তিহীন: রুহুল কবির রিজভী

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে, তা পুরোপুরি অসত্য এবং পরিকল্পিত অপপ্রচার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর বনানীতে প্রয়াত আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ওয়ান-ইলেভেন পরবর্তী সময় এবং আওয়ামী লীগ সরকারের শাসনামলে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যু হয়েছে। তিনি এ ঘটনাকে রাজনৈতিক নিপীড়নের নির্মম উদাহরণ হিসেবেও উল্লেখ করেন।

তারেক রহমানের নির্বাচনী কার্যক্রম প্রসঙ্গে রিজভী জানান, নির্বাচন কমিশনের অনুরোধের প্রতি সম্মান দেখিয়ে উত্তরবঙ্গ সফর সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। পরে কমিশনের নির্ধারিত বিধি অনুসরণ করেই তিনি প্রচারণা কার্যক্রম পরিচালনা করেন।

বিএনপির এই নেতা আরও দাবি করেন, তারেক রহমানের নেতৃত্বের গ্রহণযোগ্যতা ও বক্তব্যের জনপ্রিয়তা দেখে প্রতিপক্ষ রাজনৈতিক শক্তি ঈর্ষান্বিত হয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *