দক্ষিণ উপকূলবর্তী জলসীমার নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে বড় ধরনের নতুন পরিকল্পনা ঘোষণা করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির বরাতে জানা গেছে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরব উপসাগর এবং হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার করতে যাচ্ছে তেহরান।
আইআরজিসি নৌবাহিনীর কমান্ড থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, তারা আরব উপসাগর এবং হরমুজ প্রণালিজুড়ে বিস্তৃত ইরানের প্রায় ২ হাজার কিলোমিটার দীর্ঘ উপকূলরেখার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো জলসীমাকে ইরানের জনগণের জন্য গর্ব ও শক্তির উৎস হিসেবে গড়ে তোলা এবং একইসাথে এই অঞ্চলের নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করা।
এর আগে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক বক্তব্যে বলেন, “যুক্তরাষ্ট্রকে বাদ দিয়েই পারস্য উপসাগরীয় অঞ্চল এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে।” তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, তেহরান এই পানিপথে যেকোনো ধরনের ‘শত্রুর অপব্যবহার’ নির্মূল করবে এবং এই অঞ্চলের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা রাখে।
বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালি। এই পথে ইরানের নিয়ন্ত্রণ বাড়ানোর ঘোষণা আন্তর্জাতিক রাজনীতি ও বিশ্ব বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে মার্কিন নেতৃত্বাধীন সামরিক উপস্থিতির বিপরীতে ইরানের এই অবস্থান মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে নতুন মাত্রা দিতে পারে। সূত্র: গালফ নিউজ।
সূত্র: গালফ নিউজ
