ঠাকুরগাঁওয়ে হালকা ভূমিকম্প অনুভূত

রোববার (২৫ জানুয়ারি) সকালে দেশের উত্তরাঞ্চলের জেলা ঠাকুরগাঁওয়ে হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ৮টা ৩৪ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের জন্য এ কম্পন টের পান স্থানীয়রা।

ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। কেন্দ্রটি ভারতের রায়গঞ্জ শহর থেকে আনুমানিক ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত ছিল।

আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ভলকানো ডিসকভারি জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৪। তাদের বিশ্লেষণ অনুযায়ী, কম্পনের কেন্দ্র ঠাকুরগাঁও জেলা সদর থেকে প্রায় ৩৩ কিলোমিটার পূর্ব দিকে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের অফিস সহকারী গোলাম মোস্তফা জানান, ঠাকুরগাঁওয়ের আটঘরিয়া এলাকায় এ ভূমিকম্পের প্রভাব বেশি অনুভূত হয়। তবে কম্পন ছিল খুবই মৃদু এবং এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগেও গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে ঢাকা ও আশপাশের এলাকায় একাধিক ভূমিকম্প অনুভূত হয়। বিশেষ করে ২১ নভেম্বর ঢাকার নিকটবর্তী নরসিংদীর মাধবদীতে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

সবশেষ চলতি মাসের ৫ জানুয়ারি ভোরে সিলেট ও পার্শ্ববর্তী এলাকাতেও স্বল্প সময়ের জন্য ভূমিকম্প অনুভূত হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *