মিনিয়াপলিসে ফেডারেল অভিযানে আরও এক মার্কিন নাগরিক নিহত

মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে আরও এক মার্কিন নাগরিক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ৩৭ বছর বয়সী অ্যালেক্স প্রেটি, পেশায় একজন আইসিইউ নার্স। এ ঘটনায় শহরজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবিলম্বে মিনিয়াপলিস থেকে ভারী অস্ত্রধারী ফেডারেল বাহিনী প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।

মিনিয়াপলিস পুলিশ প্রধান ব্রায়ান ও’হারা সাংবাদিকদের জানান, শনিবার গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর ওই ব্যক্তি মারা যান। তিনি মিনিয়াপলিসের বাসিন্দা এবং যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন বলে নিশ্চিত করেন পুলিশ প্রধান। পরে নিহতের পরিচয় অ্যালেক্স প্রেটি হিসেবে জানান তার পরিবার।

এই ঘটনা ঘটেছে এমন এক সময়ে, যখন ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী নীতির অংশ হিসেবে মিনিয়াপলিসে কয়েক সপ্তাহ ধরে অভিবাসন নিয়ন্ত্রণ সংস্থা ও অন্যান্য ফেডারেল এজেন্টদের তৎপরতা চলছে। শহরজুড়ে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

এদিকে ৭ জানুয়ারি ৩৭ বছর বয়সী রেনি গুড নামের এক নারী আইসিই কর্মকর্তার গুলিতে নিহত হওয়ার পর থেকেই মিনিয়াপলিসে প্রতিদিন বিক্ষোভ চলছে। রেনি গুডকে তার গাড়ির ভেতরে গুলি করে হত্যা করা হয়েছিল। এছাড়া গত সপ্তাহে শহরটিতে পৃথক আরেক ঘটনায় এক ভেনেজুয়েলার নাগরিকও ফেডারেল এজেন্টদের গুলিতে আহত হন।

মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালজ এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটি বহু আগেই কেবল অভিবাসন প্রয়োগের বিষয় হিসেবে সীমাবদ্ধ নেই। এটি আমাদের রাজ্যের মানুষের বিরুদ্ধে সংগঠিত নিষ্ঠুরতার এক ধারাবাহিকতা। আজ সেই অভিযানে আরও একটি প্রাণ ঝরে গেল।” তিনি জানান, এই হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব মিনেসোটা রাজ্যই নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *