আজ বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সাথে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বিনিয়োগ, জ্বালানি ও বাণিজ্য খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে একমত হয়েছেন উভয় নেতা।

বৈঠকে দুই দেশের মধ্যে বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি খাতে সহযোগিতা, কানেক্টিভিটি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক সমসাময়িক ইস্যুগুলো নিয়েও দুই নেতা বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে উভয় পক্ষই ‘বাংলাদেশ-চীন সর্বাত্মক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব’ (Comprehensive Strategic Cooperative Partnership) এবং ‘এক চীন’ নীতির (One-China Principle) প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বৈদেশিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম। বৈঠক শেষে বাংলাদেশের প্রতিনিধি দলের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এই সফরের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *