জাতিসংঘ ফোরামে বাংলাদেশের আহ্বান: অভিবাসন ব্যয় হ্রাস ও ন্যায্য মজুরি নিশ্চিত করুন

অভিবাসীদের অধিকার সুরক্ষা, অভিবাসন ব্যয় হ্রাস এবং ন্যায্য মজুরি নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম’ (IMRF)-এর সাধারণ বিতর্কে এই আহ্বান জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বাংলাদেশের উদ্যোগ ও অঙ্গীকার: মন্ত্রী তাঁর বক্তব্যে জানান, নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করতে বাংলাদেশ ইতোমধ্যে ‘মাইগ্রেশন কমপ্যাক্ট টাস্কফোর্স’ গঠন করেছে এবং ২০২৬–২০৩০ মেয়াদের জন্য একটি আধুনিক জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। তিনি উল্লেখ করেন, প্রথম আইএমআরএফে বাংলাদেশের দেওয়া ১০টি অঙ্গীকারের মধ্যে সাতটিই সফলভাবে বাস্তবায়িত হয়েছে। এবার আরও ছয়টি নতুন অঙ্গীকার ও দুটি আঞ্চলিক উদ্যোগে যুক্ত হয়েছে বাংলাদেশ।

জলবায়ু পরিবর্তন ও অর্থায়ন: বক্তব্যের একটি বড় অংশ জুড়ে ছিল জলবায়ু পরিবর্তনের প্রভাব। জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত ও অভিবাসনে বাধ্য হওয়া মানুষের জন্য আন্তর্জাতিক অর্থায়ন এবং কারিগরি সহায়তার দাবি জানান মন্ত্রী। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য নির্ভরযোগ্য তহবিল নিশ্চিত করা এখন সময়ের দাবি।

জবাবদিহিতা ও ন্যায়বিচার: মন্ত্রী পুনর্ব্যক্ত করেন যে, বাংলাদেশ সরকার অভিবাসীদের ন্যায়বিচারে প্রবেশাধিকার সম্প্রসারণ এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে ‘whole-of-government and whole-of-society’ পদ্ধতিতে কাজ করছে। আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *