বদরগঞ্জে চাঁদাবাজি ও কোয়ার্টার ভাঙচুরের অভিযোগে সাবেক ছাত্রদল নেতা রানা গ্রেপ্তার

রংপুরের বদরগঞ্জে চাঁদাবাজি এবং সরকারি কোয়ার্টার ভাঙচুরের অভিযোগে বদরগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জিহাদ সরকার রানাকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (৯ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিংয়ে কর্মরত ফাতেমা বেগমের সরকারি কোয়ার্টারে গিয়ে চাঁদা দাবি করেন রানা ও তাঁর ৩-৪ জন সহযোগী। দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে তাঁরা কোয়ার্টারের আসবাবপত্র ভাঙচুর করেন। এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর আজ দুপুরে রানা পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং মামলা তুলে নেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুল আরেফিনের অফিস অবরুদ্ধ করেন। খবর পেয়ে বদরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে আটক করে।

বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, “চাঁদাবাজি ও কোয়ার্টার ভাঙচুরের সুনির্দিষ্ট মামলায় জিহাদ সরকার রানাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ছাড়াও রানার বিরুদ্ধে আগে থেকেই চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।”

বদরগঞ্জে এমন বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *