ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত গ্রাহকদের ওপর লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। আজ সোমবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামানও ব্যবহার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল থেকে ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’-এর ব্যানারে ব্যানার-ফেস্টুন নিয়ে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন গ্রাহকরা। তারা নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অ্যাকশনে যায়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ শুরু করে এবং একযোগে জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে। পুলিশের এই আকস্মিক অভিযানে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিক্ষোভকারীরা চারদিকে ছুটে যান।
আন্দোলনকারীদের অভিযোগ, তারা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলেন। সেখানে পুলিশ অন্যায় ও অযৌক্তিকভাবে বলপ্রয়োগ করেছে। বিক্ষোভকারী গ্রাহকদের দাবি, নতুন যাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি বিতর্কিত এস আলমের দোসর। তাকে এই পদে বহাল রাখলে ব্যাংকে আবারও লুটপাটের আশঙ্কা রয়েছে। আর সেই শঙ্কা থেকেই তারা ব্যাংক বাঁচাতে এই অবস্থান কর্মসূচি দিয়েছিলেন।
এদিকে পুলিশের প্রথম দফার অ্যাকশনের পর আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলেও পরবর্তীতে আবারও তারা ইসলামী ব্যাংক সংলগ্ন এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ব্যাংকের আশপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
