মমতার হার ও শুভেন্দুর উত্থান: চাঞ্চল্যকর দাবি অলি আহমদের

পশ্চিমবঙ্গের নির্বাচনে শেখ হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসানো হয়েছে বলে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)। রোববার (১০ মে) চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কর্নেল অলি বলেন, “পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে দীক্ষিত হয়ে এবং হাসিনার পরামর্শে ভোট জালিয়াতি করা হয়েছে। সেখানে নির্বাচনের পর সংখ্যালঘু মুসলমানদের ওপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে।” তিনি দেশি-বিদেশি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বলেন, মুসলমানদের গাড়ির সাথে বেঁধে টেনে নিয়ে নির্যাতনের চিত্র বিশ্ববাসী দেখছে।

সেমিনারে দেশের অভ্যন্তরীণ রাজনীতি প্রসঙ্গে অলি আহমদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর সংস্কার ও নতুন সংবিধানের প্রয়োজনীয়তা ছিল মুখ্য। কিন্তু বিএনপি সেই অবস্থান থেকে সরে আসায় বর্তমান রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীকে চাটুকারদের বেষ্টনী থেকে বের হয়ে নীতি-নৈতিকতা ও জনসমর্থনের ভিত্তিতে দেশ পরিচালনার আহ্বান জানান তিনি।

দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাবেক এই মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রব্যমূল্যের কারণে জনমনে অশান্তি সৃষ্টি হলে সরকার তা সামাল দিতে পারবে না এবং বিরোধী দলও বসে থাকবে না। জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *