প্রকল্প শেষ করতে হবে নির্ধারিত সময়ে, গুণগত মান বজায় রেখে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাজধানী ঢাকা শহরের দীর্ঘদিনের জলজট ও জলাবদ্ধতা সমস্যা নিরসনে দ্রুত কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার (১৮ মে) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় ঢাকার নাগরিক সেবা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, বিশুদ্ধ পানি সরবরাহ এবং আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিতকরণের মতো জনগুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সংশ্লিষ্টদের উদ্দেশ্যে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, “ঢাকাকে একটি সত্যিকারের বাসযোগ্য ও আধুনিক মেগাসিটিতে পরিণত করতে হলে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান করতেই হবে। এর জন্য ড্রেনেজ ও খালের পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করাসহ টেকসই পরিকল্পনা প্রয়োজন।” একই সঙ্গে তিনি নগরবাসীর জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির জোগান নিশ্চিত করতে এবং উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন।

মন্ত্রী আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের অর্থ ও সময়ের অপচয় রোধে চলমান উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে এবং শতভাগ গুণগত মান বজায় রেখে বাস্তবায়ন করতে হবে, যাতে নগরবাসী দ্রুত এর সুফল ভোগ করতে পারে।

স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ আব্দুস সালাম, দুই সিটির বিভিন্ন প্রকল্পের পরিচালক এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *