দেশের সরকারি বড় হাসপাতালগুলোতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সেন্ট্রাল ইমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম বা ‘পাগলা ঘণ্টা’ চালুর পরিকল্পনা করছে সরকার। প্রাথমিকভাবে এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা চালু হবে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে।
আজ মঙ্গলবার (১৯ মে) রাজধানীর তেজগাঁওয়ের কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) অনুদান হিসেবে পাওয়া ভেন্টিলেটরসহ বিভিন্ন চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “হাসপাতালগুলোতে প্রায়শই অনাকাঙ্ক্ষিত ও জরুরি পরিস্থিতি তৈরি হয়। চিকিৎসকদের কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিতে আমরা দ্রুত নিরাপত্তা সহায়তা দেওয়ার জন্য ‘কোড ব্লু’ বা ইমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছি।” এ ছাড়া রাজধানীর মহাখালী এলাকায় স্বাস্থ্যসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা জোরদারে সেখানে একটি আলাদা পুলিশ ক্যাম্প স্থাপনের পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
চিকিৎসা খাতের অবকাঠামোগত উন্নয়নের কথা উল্লেখ করে মন্ত্রী আরও জানান, দেশের ১০টি জেলা সদর হাসপাতালের আইসিইউ ইউনিটের জন্য একটি করে শিশু ভেন্টিলেটর দেওয়া হয়েছে। আসন্ন ঈদুল আজহার পর এক সপ্তাহের মধ্যেই এসব আইসিইউ ইউনিট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
