বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করতে আগামী দুই মাসের মধ্যে ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এই কার্ডধারীরা বিমানবন্দরে দ্রুত ইমিগ্রেশনসহ দেশে বিশেষ নাগরিক সুবিধা পাবেন। একই সঙ্গে প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে আনার দীর্ঘদিনের দাবিটিও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের দ্বিতীয় ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম’-এ অংশ নিয়ে মন্ত্রী এসব তথ্য জানান। তিনি বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের স্বীকৃতি দিতেই এই বিশেষ কার্ডের পরিকল্পনা। যারা বেশি রেমিট্যান্স পাঠাবেন, তাদের জন্য আনুপাতিক হারে লজিস্টিক সাপোর্ট ও সুযোগ-সুবিধা আরও বাড়ানো হবে।
প্রবাসী কার্ডের সুবিধা: এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা বিমানবন্দরে অগ্রাধিকার ভিত্তিতে সেবা পাবেন। এছাড়া দেশে অবস্থানকালে তাদের ব্যক্তিগত নিরাপত্তা এবং সম্পদের সুরক্ষা নিশ্চিত করবে সরকার।
বিনিয়োগ ও মরদেহ পরিবহন: মন্ত্রী আরও জানান, প্রবাসীরা দেশে বিনিয়োগ করতে গিয়ে যেন প্রতারণার শিকার না হন, সেজন্য একটি নিরাপদ ও হয়রানিমুক্ত পরিবেশ তৈরির কাজ চলছে। এছাড়া প্রবাসীদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী, এখন থেকে প্রবাসে মৃত্যুবরণকারী রেমিট্যান্স যোদ্ধাদের মরদেহ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী জানান, বিষয়টি প্রক্রিয়াধীন এবং সময়সাপেক্ষ হলেও সরকার এটি নিয়ে গুরুত্বের সাথে কাজ করছে।
