কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ে আসছে ‘ইনোভেশন গ্র্যান্ট’

দেশের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত কারিকুলাম নতুন করে সাজানো এখন সময়ের দাবি উল্লেখ করে তিনি জানিয়েছেন, দক্ষ জনশক্তি গড়তে স্কুল পর্যায় থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার।

আজ মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত ‘বাংলাদেশে উচ্চশিক্ষার রূপান্তর’ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “আমরা এমন এক শিক্ষাব্যবস্থা গড়তে চাই যেখানে প্রতিটি শিক্ষার্থী তার সুপ্ত সম্ভাবনাকে কাজে লাগাতে পারবে। মেধা পাচার রোধ করে দেশেই মেধা লালনের পরিবেশ সৃষ্টি করতে সরকার বদ্ধপরিকর।” তিনি আরও জানান, গবেষণায় উৎসাহ দিতে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘ইনোভেশন গ্র্যান্ট’ বা উদ্ভাবন অনুদান দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।

ফ্যাসিবাদ-পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার সর্বোচ্চ আন্তরিক বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *