এলভিনো জাতের সাদা মহিষ ‘ট্রাম্প’ দেখতে খামারে মানুষের ভিড়

ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাটগুলোতে প্রতিবছরের মতো এবারও শুরু হয়েছে বিচিত্র নামের পশুর আনাগোনা। তবে এবার নারায়ণগঞ্জের পাইকপাড়ায় ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’র একটি বিশাল আকৃতির মহিষ সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। বিশেষ শারীরিক গঠন আর গায়ের রঙের কারণে খামার কর্তৃপক্ষ এর নাম রেখেছে ‘ডোনাল্ড ট্রাম্প’।

সাতশ কেজিরও বেশি ওজনের এই মহিষটি এলভিনো জাতের। এর গায়ের রঙ গোলাপি আভাযুক্ত সাদা এবং সামনের দিকের চুলের বিশেষ স্টাইলের কারণেই মূলত আমেরিকার সাবেক প্রেসিডেন্টের নামের সাথে মিলিয়ে এই নামকরণ। খামারের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা জানান, এই ব্যতিক্রমী নামের কারণেই মহিষটি দেখতে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন।

খামার সূত্রে জানা গেছে, বিশাল আকৃতির এই ‘ডোনাল্ড ট্রাম্প’ ঘাস, ভুট্টা ও ভুসি খেয়ে বেড়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর অনেক ক্রেতা আগ্রহ দেখালেও ইতোমধ্যে একজন ক্রেতা মহিষটি কোরবানির জন্য বুকিং দিয়ে রেখেছেন। প্রতিবছরই ‘বাহুবলী’ বা ‘সুলতান’ নামের পশু দেখা গেলেও এবারের ঈদে নারায়ণগঞ্জের এই ‘ট্রাম্প’ কৌতূহলের কেন্দ্রে পরিণত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *