প্রেক্ষাগৃহ কাঁপিয়ে ওটিটিতে আসছে ‘দম’

চলতি বছরের আলোচিত সিনেমা ‘দম’ এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে। বুধবার (১৩ মে) দুপুরে চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে নিশ্চিত করা হয়েছে যে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২১ মে মুক্তি পাবে সিনেমাটি। তবে চরকি কর্তৃপক্ষ জানিয়েছে, ২০ মে রাত ১২টা থেকেই দেশ-বিদেশের দর্শকরা প্ল্যাটফর্মটিতে সিনেমাটি উপভোগ করতে পারবেন।

রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও ইতিহাস গড়েছে। বিশেষ করে আমেরিকার প্রেক্ষাগৃহগুলোতে প্রথম সপ্তাহে ৭টি হলে মুক্তি পেলেও দর্শক চাহিদাই দ্বিতীয় সপ্তাহে তা ৫০টি হলে উন্নীত হয়। বর্তমানেও দেশ-বিদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রদর্শনী চলছে। যারা ভৌগোলিক দূরত্ব বা ব্যস্ততার কারণে হলে গিয়ে সিনেমাটি দেখতে পারেননি, তাঁদের জন্য চরকির এই ঘোষণা বড় উপহার হিসেবে এসেছে।

আফগানিস্তানে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক বাংলাদেশির সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এই সিনেমার ট্যাগ লাইন ‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী এবং পূজা চেরি। নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে এর চিত্রনাট্য করেছেন সৈয়দ আহমেদ শাওকীসহ একঝাঁক মেধাবী লেখক।

সিনেমাটির মুক্তি নিয়ে পরিচালক রেদওয়ান রনি বলেন, “‘দম’ বাংলাদেশের এবং বাংলাদেশিদের জয়ের গল্প। চরকিতে মুক্তির মাধ্যমে এই জয়ের গল্প এখন সবার হাতে পৌঁছে যাবে। আশা করছি ঈদের ছুটিতে পরিবারের সবাইকে নিয়ে দর্শকরা ঘরে বসে ‘দম’ উপভোগ করবেন এবং সবার ঈদ হবে ‘দমদার’।”

সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই এবং চরকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *